চট্টগ্রামে অবস্থিত আন্তর্জাতিক উচ্চশিক্ষা প্রতিষ্ঠান এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনে (এইউডব্লিউ) নতুন উপাচার্য নিয়োগের লক্ষ্যে একটি সার্চ কমিটি গঠন করা হয়েছে। বর্তমান উপাচার্য রুবানা হকের দায়িত্বের মেয়াদ শেষ হওয়ায় নতুন নেতৃত্ব নির্বাচনের এই উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের প্রধান একাডেমিক কর্মকর্তা নিয়োগের বিষয়েও কাজ করবে কমিটি।
বিশ্ববিদ্যালয়টির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। গত বুধবার ( ৫ ডিসেম্বর) পাঠানো ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন উপাচার্য খুঁজে পেতে সহায়তা করবে আন্তর্জাতিক পর্যায়ের নির্বাহী কর্মকর্তা খোঁজার প্রতিষ্ঠান উইটকিফার।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সার্চ কমিটির কো-চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন নিউইয়র্ক ইউনিভার্সিটির ইমিরেটাস প্রেসিডেন্ট অধ্যাপক জন সেক্সটন এবং ওয়েলেসলি কলেজের প্রেসিডেন্ট ড. পলা জনসন।
সার্চ কমিটির সদস্যদের মধ্যে রয়েছেন আইসিডিডিআরবির ভ্যাকসিন সায়েন্স সেন্টারের পরিচালক ও জ্যেষ্ঠ বিজ্ঞানী ড. ফেরদৌসী কাদরী, বোস্টনভিত্তিক সাবেক হেজ ফান্ড ব্যবস্থাপক পল সিয়াম্পা, যুক্তরাষ্ট্রের বিভিন্ন বায়োফার্মা কোম্পানির পরিচালনা পর্ষদের সদস্য ড. আলপনা সেথ এবং সুইট ব্রায়ার কলেজের সাবেক প্রেসিডেন্ট ড. মেরেডিথ উ। তাঁদের মধ্যে ফেরদৌসী কাদরী, আলপনা সেথ ও মেরেডিথ উ এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের ট্রাস্টি বোর্ডের সদস্য হিসেবেও দায়িত্ব পালন করছেন।
সার্চ কমিটি সম্ভাব্য প্রার্থীদের বিষয়ে সুপারিশ তৈরি করে ট্রাস্টি বোর্ডের কাছে উপস্থাপন করবে। এরপর বোর্ড চূড়ান্তভাবে নতুন উপাচার্য নিয়োগের বিষয়ে সিদ্ধান্ত নেবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের বর্তমান উপাচার্য রুবানা হক ২০২২ সালে চার বছরের জন্য দায়িত্ব গ্রহণ করেন। তিনি বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সাবেক সভাপতি। তাঁর আগে এই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেন রাষ্ট্রবিজ্ঞানী নির্মলা রাও।
২০০৮ সালে অ্যান্ড্রু ডব্লিউ মেলন ফাউন্ডেশনের একটি বড় অনুদানের সহায়তায় চট্টগ্রামে যাত্রা শুরু করে এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন। বর্তমানে এশিয়া ও মধ্যপ্রাচ্যের ২০টির বেশি দেশের শিক্ষার্থীরা এই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন। সমাজের পিছিয়ে থাকা সম্প্রদায়ের মেধাবী তরুণীদের উচ্চশিক্ষার সুযোগ তৈরি এবং নেতৃত্বের পর্যায়ে তাঁদের এগিয়ে নেওয়ার লক্ষ্যেই আন্তর্জাতিক উদ্যোগে এই প্রতিষ্ঠান গড়ে তোলা হয়।
বিশ্ববিদ্যালয়টির আচার্যের দায়িত্বে রয়েছেন যুক্তরাজ্যের আইনজীবী ও মানবাধিকারকর্মী শেরি ব্লেয়ার। তাঁর স্বামী টনি ব্লেয়ার যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী।
সিএ/এমই


