জুনিয়র বৃত্তি পরীক্ষার ফল বুধবার (২৫ ফেব্রুয়ারি) প্রকাশ করা হবে। বেলা ১টায় শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের কাছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ফল হস্তান্তর করবেন। এরপর শিক্ষার্থী ও অভিভাবকরা ফল দেখতে পারবেন।
ফল জানার উপায়:
অনলাইন পদ্ধতি: প্রাথমিক শিক্ষা অধিদফতরের ওয়েবসাইটে গিয়ে ‘Scholarship Result’ অপশনে রোল নম্বর এবং বছর (২০২৬) প্রদান করলে ফল দেখা যাবে।
এসএমএস পদ্ধতি: মোবাইলের মেসেজ অপশনে বোর্ডের নাম, রোল নম্বর ও সাল লিখে ১৬২২২ নম্বরে পাঠালে ফিরতি মেসেজে ফল জানা যাবে।
ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড সূত্র জানিয়েছে, এবার দুই ক্যাটাগরি মিলিয়ে ৪৫ হাজার ২০০ শিক্ষার্থীকে বৃত্তি দেওয়া হবে। পরীক্ষার ফলাফলের ওপর ভিত্তি করে মেধাক্রম তৈরি করা হয়েছে। একটি হলো ট্যালেন্টপুল বৃত্তি, অন্যটি সাধারণ বৃত্তি। বোর্ডভিত্তিক পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেধাক্রম নির্ধারণ করা হবে।
এবার জুনিয়র বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে বাংলা (বিষয় কোড ১০১), ইংরেজি (১০৭), গণিত (১০৯), বিজ্ঞান (১২৭) ও বাংলাদেশ ও বিশ্বপরিচয় (১৫০) বিষয়ে। গত বছরের ২৮–৩০ ডিসেম্বর এবং চলতি বছরের ৬ জানুয়ারি পরীক্ষাগুলো নেওয়া হয়েছে। দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে ৬১১টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়, যেখানে অংশ নিয়েছেন ৩ লাখ ৪৬ হাজার ৫৯১ জন শিক্ষার্থী।
সিএ/এসএ


