বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম (আরমান)।
সোমবার (২ মার্চ) দিবাগত রাতে ব্যারিস্টার আরমানের মিডিয়া সেলের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টের মাধ্যমে এ তথ্য জানানো হয়। সেখানে উল্লেখ করা হয়, নবনিযুক্ত উপদেষ্টা হিসেবে তিনি এখন থেকে দলের আন্তর্জাতিক সম্পর্ক ও পররাষ্ট্রসংক্রান্ত বিষয়গুলোতে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবেন।
দলীয় সূত্রে জানা গেছে, সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি এ নতুন ভূমিকায় তিনি দলীয় কূটনৈতিক যোগাযোগ, আন্তর্জাতিক সংযোগ জোরদার এবং বৈদেশিক নীতিসংক্রান্ত বিষয়ে পরামর্শ প্রদান করবেন।
ঢাকা-১৪ আসন থেকে নির্বাচিত হওয়ার পর দলীয় আমিরের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পাওয়ায় সামাজিক মাধ্যমে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের পক্ষ থেকে তাকে অভিনন্দন জানানো হচ্ছে।
ব্যারিস্টার আরমান দলীয় আমিরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে দায়িত্ব পালনে সর্বোচ্চ আন্তরিকতার আশ্বাস দিয়েছেন বলে পোস্টে উল্লেখ করা হয়।
সিএ/এএ


