কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) হিসেবে নিয়োগ পেয়েছেন কৃষিবিদ মো. আব্দুর রহিম। কৃষি মন্ত্রণালয় বুধবার (৭ জানুয়ারি) জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে রুটিন দায়িত্বে মহাপরিচালক পদে নিয়োগ দেয়।
নিয়োগের আগে মো. আব্দুর রহিম কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্ভিদ সংগনিরোধ উইংয়ের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। কৃষি প্রশাসনে দীর্ঘদিনের অভিজ্ঞ এই কর্মকর্তা কৃষি সম্প্রসারণ ও উদ্ভিদ সংগনিরোধ কার্যক্রমে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছেন।
কৃষি ক্যাডারের গ্রেডেশন তালিকার শীর্ষে থাকা মো. আব্দুর রহিম রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন। কর্মজীবনের বিভিন্ন পর্যায়ে মাঠপর্যায়ের কৃষি উন্নয়ন, ফসল সুরক্ষা এবং কৃষক পর্যায়ে আধুনিক কৃষি প্রযুক্তি সম্প্রসারণে তিনি সক্রিয় ভূমিকা পালন করেছেন বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
উল্লেখ্য, এর আগে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করা এস এম সোহরাব উদ্দিন গত মঙ্গলবার অবসরে যান। তার অবসরের পর শূন্য হওয়া পদে মো. আব্দুর রহিমকে নিয়োগ দেওয়া হলো।
সিএ/এএ


