নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বিদ্যুৎকেন্দ্রের সাবস্টেশনে ট্রান্সফরমারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। দ্রুত পদক্ষেপে আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পাওয়া গেছে। শুক্রবার ( ৫ ডিসেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে।
জানা যায়, সিদ্ধিরগঞ্জ গ্রিড উপকেন্দ্রের ৩০০ এমভিএ ২৩০/১৩২ কেভি ট্রান্সফরমারে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে বিদ্যুৎকেন্দ্র ও আশপাশের এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়।
পরবর্তীতে বিষয়টি ৩৫০ মেগাওয়াট ইলেকট্রিসিটি জেনারেশন কম্পানি অব বাংলাদেশ (ইজিসিবি) পাওয়ার প্ল্যান্টের সাবস্টেশনের অংশ হিসেবে শনাক্ত করা হয়।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ট্রান্সফরমারের কারিগরি ত্রুটি অথবা অতিরিক্ত তাপমাত্রার কারণে এ অগ্নিকাণ্ড ঘটে থাকতে পারে। তবে ঘটনার সঠিক কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
আদমজী ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার মিরন মিয়া বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
তিনি আরও জানান, ট্রান্সফরমারে প্রায় এক লাখ লিটার তেল মজুদ ছিল। দ্রুত পদক্ষেপ নেওয়ায় প্রায় ৩০০ কোটি টাকার ট্রান্সফরমার রক্ষা করা সম্ভব হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
সিএ/এমই


