খুলনা বিশ্ববিদ্যালয়ের আইন ডিসিপ্লিনের মাস্টার্স শিক্ষার্থী মৌমিতা হালদার সড়ক দুর্ঘটনায় নিহত হওয়ার প্রতিবাদে শিক্ষার্থীরা মানববন্ধন করেছেন। আজ মঙ্গলবার বেলা একটার দিকে বিশ্ববিদ্যালয়ের হাদী চত্বরে এই কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে শিক্ষার্থীরা ২৪ ঘণ্টার মধ্যে মৌমিতার মৃত্যুর প্রকৃত ঘটনা উদ্ঘাটন ও দোষীদের আইনের আওতায় আনার দাবি জানান। একই সঙ্গে তাঁরা খুলনা শহরে লাইসেন্স ও ফিটনেসবিহীন যানবাহন চলাচল বন্ধ, বিশ্ববিদ্যালয়ের হল রোড দ্রুত সংস্কার, ভারী যান চলাচল নিয়ন্ত্রণ এবং গল্লামারী সেতুর নির্মাণকাজ দ্রুত শেষ করারও দাবি জানান।
মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. রেজাউল করিম, ট্রেজারার মো. নূরুন্নবী, আইন স্কুলের ডিন (ভারপ্রাপ্ত) শেখ মাহমুদুল হাসান, ছাত্র বিষয়ক পরিচালক মো. নাজমুস সাদাত, আইন ডিসিপ্লিনের প্রধান পুনম চক্রবর্তী এবং সহকারী অধ্যাপক তানিয়া সুলতানা উপস্থিত ছিলেন। শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য দেন রেজোয়ানুল হক (রাদ), তৌকির জোয়ার্দার, মেহরাব হোসেন রাকিব, মারুফ ও মুরছালীন। মানববন্ধন সঞ্চালনা করেন মাহবুবুর রহমান।
উপাচার্য রেজাউল করিম বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শিক্ষকদের কাছে সন্তানসুলভ। কোনো শিক্ষার্থী দুর্ঘটনায় নিহত হলে তা শিক্ষক ও সহপাঠীর জন্য গভীর বেদনার বিষয়। তিনি তদন্ত সাপেক্ষে দোষীদের দ্রুত শাস্তির দাবি জানান।
উপাচার্য আরও জানান, বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে স্পিড ব্রেকার মেরামতের বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা হয়েছে এবং দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে। গল্লামারী সেতুর নির্মাণকাজের ধীরগতির বিষয়ে প্রশাসনের সঙ্গে একাধিক বৈঠক করা হলেও এখনও দৃশ্যমান অগ্রগতি নেই। আগামী দুই মাসের মধ্যে একটি অংশের কাজ শেষ করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। হল রোডের বেহাল অবস্থার বিষয়ে কেডিএ ও জেলা প্রশাসনকে একাধিকবার জানানো হলেও কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি।
মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুলের ডিন আশরাফুল আলম, শিক্ষা ডিসিপ্লিনের প্রধান আব্দুল জব্বার, খানজাহান আলী হলের প্রভোস্ট খসরুল আলম, খান বাহাদুর আহছানউল্লা হলের প্রভোস্ট শরিফ মোহাম্মাদ খান প্রমুখ অংশ নেন।
মৌমিতা হালদারের মৃত্যু ঘটে গত সোমবার সন্ধ্যায়, নগরের জেলা পরিষদ ভবনের সামনে প্রাইভেট কারের ধাক্কায় রিকশা থেকে পড়ে। তিনি আইন ডিসিপ্লিনের ২১ ব্যাচের শিক্ষার্থী হিসেবে স্নাতক সম্পন্ন করে বর্তমানে মাস্টার্সে অধ্যয়নরত ছিলেন। আজ সকাল সাড়ে ১০টায় ডুমুরিয়ার চুকনগরে তার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়েছে।
সিএ/এমই


