নেত্রকোনার কেন্দুয়া উপজেলার রামপুর বাজারে শুক্রবার অভিযান চালিয়ে ৮০০ লিটার পেট্রল জব্দ করা হয়েছে। একই সঙ্গে লাইসেন্স ছাড়া অতিরিক্ত মূল্যে তেল বিক্রি করার দায়ে ব্যবসায়ী এনায়েতুর রহমানকে ভ্রাম্যমাণ আদালত ৪০ হাজার টাকা জরিমানা করেন।
কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রিফাতুল ইসলাম বলেন, দেশে জ্বালানি তেলের সংকট চলায় রামপুর বাজারে ব্যবসায়ী এনায়েতুর রহমান অবৈধভাবে পেট্রল মজুত করে অতিরিক্ত দামে বিক্রি করছিলেন। অভিযান চালিয়ে তাঁর গুদামঘরে ড্রামে রাখা ৮০০ লিটার পেট্রল জব্দ করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পেট্রোলিয়াম আইন, ২০১৬ অনুযায়ী ১০ হাজার টাকা এবং ভোক্তা অধিকার আইন, ২০০৯ অনুযায়ী ৩০ হাজার টাকাসহ মোট ৪০ হাজার টাকা জরিমানা করেন। জব্দ করা তেল শনিবার সকাল ১০টায় সরকার নির্ধারিত মূল্যে বিক্রির জন্য বাজারে ছাড়ার নির্দেশ দেওয়া হয়।
কেন্দুয়া ইউএনও মো. রিফাতুল ইসলাম জানান, প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সিএ/এমই


