চট্টগ্রামের পটিয়া উপজেলায় যাত্রীবাহী বাসের ধাক্কায় দুটি সিএনজিচালিত অটোরিকশা ও একটি ইজিবাইক দুমড়েমুচড়ে গেছে। এ ঘটনায় তিনটি যানবাহনের চালক আহত হয়েছেন। শনিবার (৬ ডিসেম্বর) সকাল সাড়ে সাতটার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া উপজেলার কমলমুন্সীর হাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
আহত ব্যক্তিরা হলেন পটিয়া উপজেলার উত্তর খরনা গ্রামের বাসিন্দা মোহাম্মদ কামাল (৫০), আজিমপুর গ্রামের মো. ইছমাইল (৫৫) এবং পাশের চন্দনাইশ উপজেলার মধ্যম হাসিমপুর গ্রামের মোহাম্মদ আলাউদ্দিন (৪০)। তাঁদের মধ্যে মো. ইছমাইল ইজিবাইকের চালক এবং অন্য দুজন সিএনজিচালিত অটোরিকশার চালক।
স্থানীয় লোকজন জানান, সকালে মহাসড়কে চলাচলের সময় একটি যাত্রীবাহী বাস তিনটি যানবাহনকে ধাক্কা দিলে সেগুলো গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়। দুর্ঘটনার পর অটোরিকশা ও ইজিবাইকগুলো দুমড়েমুচড়ে যায় এবং চালকেরা আহত হন। পরে স্থানীয় বাসিন্দারা দ্রুত আহতদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন।
পটিয়া ক্রসিং হাইওয়ে থানার উপপরিদর্শক মোশারফ হোসেন বলেন, দুর্ঘটনায় জড়িত বাসটি দেশ ট্রাভেলস পরিবহনের। দুর্ঘটনার পর বাসটি আটক করা হয়েছে। আহত তিনজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
সিএ/এমই


