পবিত্র ঈদুল ফিতরের আগে গাজীপুরের পোশাক শিল্পাঞ্চলে কিছু শ্রমিক এখনও ফেব্রুয়ারি মাসের বেতন ও বোনাস পাননি। শিল্প পুলিশের তথ্য অনুযায়ী, প্রায় ৫ শতাংশ কারখানার শ্রমিক বেতন পাননি এবং ৯ শতাংশ কারখানা ঈদ বোনাস দেননি। তবে বকেয়া টাকা ঈদের আগে পরিশোধের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।
ঈদযাত্রায় যানজট কমাতে কারখানাগুলোতে এবারও ধাপে ধাপে ছুটি ঘোষণা করা হয়েছে। সরকারি সাত দিনের ছুটি মঙ্গলবার থেকে শুরু হলেও অনেক কারখানায় ছুটি ৭–১০ দিন দেওয়া হচ্ছে। সোমবার বিকেল থেকেই শ্রমিকরা বাড়ির উদ্দেশে রওনা হয়েছেন।
গাজীপুর শিল্পাঞ্চলে মোট ২,৮৩৪টি কারখানা রয়েছে। এবারের ঈদে ২,৭৫৩টি কারখানায় পূর্ণ ছুটি এবং ৮১টি কারখানায় আংশিক ছুটি দেওয়া হবে। ধারাবাহিকভাবে সোমবার ৬২টি, মঙ্গলবার ৪৪৪টি, বুধবার ১,৪১৪টি এবং বৃহস্পতিবার ৮৩৩টি কারখানায় ছুটি দেওয়া হবে।
শ্রমিকরা জানিয়েছেন, একযোগে ছুটি না দিয়ে ধাপে ধাপে ছুটি দেওয়ার ফলে সড়কে ভোগান্তি কিছুটা কমবে, যদিও বকেয়া বেতন ও বোনাসে দুশ্চিন্তা রয়ে গেছে।
ঈদযাত্রা নির্বিঘ্ন করতে গাজীপুর পুলিশ বিশেষ প্রস্তুতি নিয়েছে। এক হাজার পুলিশ সদস্য দায়িত্ব পালন করবেন এবং মহাসড়কে বিকল যানবাহন সরানোর জন্য নয়টি রেকার প্রস্তুত রাখা হয়েছে।
শিল্পাঞ্চলের পুলিশ সুপার মো. আমজাদ হোসেন বলেন, শ্রমিকেরা যেন নিরাপদে বাড়ি ফিরতে পারেন, সেই কারণে ধাপে ধাপে ছুটি দেওয়া হচ্ছে। যারা এখনও বেতন-বোনাস পাননি, তারা আগামী দুই দিনের মধ্যে তা পাবেন।
সিএ/এমই


