ঢাকা থেকে নিজ এলাকায় ফেরার পথে সড়ক দুর্ঘটনায় কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য আতিকুর রহমান আহত হয়েছেন। দুর্ঘটনায় তাঁর পায়ে ও কোমরে আঘাত লেগেছে। এ ঘটনায় গাড়িচালকও আহত হয়েছেন। আজ মঙ্গলবার (১৭ মার্চ) সকাল সাড়ে ছয়টার দিকে রংপুর–কুড়িগ্রাম মহাসড়কের কাউনিয়া বেইলি ব্রিজের পূর্ব দিকে এই দুর্ঘটনা ঘটে।
কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম নাজমুল প্রথম আলোকে জানান, সংসদ সদস্যকে বহনকারী মাইক্রোবাসটি ঢাকা থেকে ফিরছিল। বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষের কারণে মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। দুর্ঘটনায় গাড়িচালক আহত হন এবং তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমানের পরিবারের সদস্যদের বরাত দিয়ে জানা যায়, তিনি হালকা আঘাত পেয়েছেন এবং বর্তমানে সুস্থ আছেন। তবে গাড়িচালকের অবস্থা চিকিৎসার প্রয়োজন বলে জানানো হয়েছে।
সিএ/এমই


