পাবনার সুজানগর উপজেলার চিনাখড়া বাজার এলাকায় অবৈধভাবে মজুদ করা দেড় হাজার লিটার পেট্রল ও অকটেন জব্দ করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। শনিবার সকালে উপজেলার একটি গোয়ালঘরে অভিযান চালিয়ে এই তেল জব্দ করা হয়।
নিজ বাড়ির গোয়ালঘরে তেল মজুত করেছিলেন খান এন্টারপ্রাইজের মালিক সন্টু ইসলাম। তাকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জব্দ করা তেল সরকারি নির্ধারিত মূল্যে বিক্রি করা হয়েছে। অভিযানে নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মাহমুদ হাসান। এ সময় র্যাব ও পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরাও উপস্থিত ছিলেন।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সূত্রে জানা গেছে, অভিযান শুরু হওয়ার খবর পেয়ে সন্টু ইসলাম দোকান বন্ধ করে দেন। পরে দোকানের পেছনের গোয়ালঘরে অভিযান চালিয়ে ওই তেল জব্দ করা হয়।
অধিদপ্তরের সহকারী পরিচালক মাহমুদ হাসান জানান, সংকটকে কাজে লাগিয়ে ব্যবসায়ী ক্রেতাদের জিম্মি করে বেশি দামে তেল বিক্রির উদ্দেশ্যে মজুত করেছিলেন। জব্দ করা তেল সরকার–নির্ধারিত মূল্যে ক্রেতাদের কাছে বিক্রি করা হয়েছে। তিনি আরও জানান, দিনব্যাপী অভিযানে আতাইকুলা, চিনাখড়া সহ চারটি বাজারের ৬টি প্রতিষ্ঠানকে মোট ৯০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এই প্রতিষ্ঠানগুলো মজুত ছাড়াও অতিরিক্ত দামে পেট্রল, ডিজেল ও অকটেন বিক্রি করছিল। তিনি বলেন, “এটি আমাদের নিয়মিত অভিযান। অবৈধভাবে তেল মজুত ও বেশি দামে যেকোনো পণ্য বিক্রি বন্ধে অভিযান অব্যাহত থাকবে।”
সিএ/এমই


