গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়েছেন সাংবাদিক আনিস আলমগীর। আদালত থেকে জামিন পাওয়ার দুই দিন পর শনিবার (১৪ মার্চ) দুপুর আড়াইটার দিকে তাঁকে কারাগার থেকে মুক্তি দেওয়া হয়।
কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট-২–এর জেল সুপার মো. আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, শুক্রবার (১৩ মার্চ) আনিস আলমগীরের জামিনের কাগজ কারাগারে পৌঁছায়। পরে প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে শনিবার (১৪ মার্চ) দুপুর আড়াইটার দিকে তাঁকে মুক্তি দেওয়া হয়। এ সময় তাঁর স্ত্রীসহ পরিবারের সদস্যরা কারাগারে উপস্থিত ছিলেন।
এর আগে ১১ মার্চ ঢাকার মহানগর দায়রা জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ শুনানি শেষে আনিস আলমগীরের জামিন মঞ্জুর করেন।
জিজ্ঞাসাবাদের জন্য গত বছরের ১৪ ডিসেম্বর রাতে রাজধানীর ধানমন্ডির একটি ব্যায়ামাগার থেকে আনিস আলমগীরকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগে (ডিবি) নেওয়া হয়। পরদিন তাঁকে উত্তরা পশ্চিম থানায় দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়। এরপর আদালতের আদেশে তাঁকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয়। রিমান্ড শেষে তাঁকে কারাগারে পাঠানো হয়। ওই মামলায় ৫ মার্চ উচ্চ আদালত আনিস আলমগীরকে জামিন দেন।
এর আগে ১৫ জানুয়ারি দুর্নীতি দমন কমিশন (দুদক) তাঁর বিরুদ্ধে আরেকটি মামলা করে। ওই মামলায় আনিস আলমগীরের বিরুদ্ধে ৩ কোটি ২৬ লাখ ৪৮ হাজার ৯৩৮ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়। পরে ২৫ জানুয়ারি এই মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানোর আবেদন করে দুদক, যা আদালত মঞ্জুর করেন। সেই মামলাতেও তিনি পরে জামিন পান।
সিএ/এমই


