চট্টগ্রাম নগরের সল্টগোলা রেলক্রসিংয়ে যানজটে আটকা পড়ে ট্রেনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। সাধারণত যানজটে গাড়ি বা ট্রাক-লরি আটকে পড়লেও ট্রেন আটকে থাকা দৃশ্য দেখা যায় না।
স্থানীয় সূত্রে জানা গেছে, চট্টগ্রাম বন্দর থেকে কনটেইনারে পণ্য নিয়ে ট্রেনটি হালিশহরের চিটাগং গুডস পোর্ট ইয়ার্ড (সিজিপিওয়াই) স্টেশনে যাচ্ছিল। ট্রেন সড়কের ওপর থেমে যায়, কারণ রেলক্রসিংয়ে ট্রাক, কাভার্ড ভ্যান ও অন্যান্য যানবাহনের চাপ ছিল।
২৫ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, ট্রেনের ইঞ্জিন সড়কের ওপর চলে আসে। ট্রেনের হুইসেল দেওয়ার পরও গাড়ি চলাচল বন্ধ হয়নি। এ কারণে সড়কের দুই পাশেও গাড়ির জট তৈরি হয়।
চট্টগ্রামের গোসাইলডাঙা ইয়ার্ডের মাস্টার মাহমুদুল হাসান জানান, সল্টগোলা ক্রসিংয়ে ট্রেন আটকে পড়ার জন্য গাড়িচালকদের ধৈর্যহীনতাকেই দায়ী করা যায়। তিনি বলেন, “ওখানে গাড়িচালকদের ন্যূনতম ধৈর্য নেই। কার আগে কে পার হবেন, কত তাড়াতাড়ি যাবেন—এই প্রতিযোগিতা কাজ করে, এ কারণে ট্রেন আটকে গেছে।”
তিনি আরও উল্লেখ করেন, সল্টগোলা ক্রসিং দিয়ে প্রতিদিন গড়ে ১৩-১৪টি পণ্যবাহী ট্রেন চলাচল করে। যদিও ক্রসিংয়ে কোনো ব্যারিয়ার বা গেট নেই, সড়ক প্রশস্ত এবং ট্রেনের গতি কম হওয়ায় তেমন কোনো বড় ঝুঁকি নেই।
সিএ/এমই


