চট্টগ্রাম নগরের টেরিবাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান চালিয়ে ধরা পড়েছে দেশের তৈরি পাঞ্জাবি ভারতীয় স্টিকার লাগিয়ে বিক্রি করার ঘটনা। আজ শনিবার (৬ ডিসেম্বর) অভিযানে ‘রাজস্থান’ নামের প্রতিষ্ঠানসহ তিনটি প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক ফয়েজ উল্লাহ জানান, অভিযানের সময় রাজস্থানে একই পাঞ্জাবিতে ভারতীয় ও বাংলাদেশি দুটি আলাদা স্টিকার পাওয়া যায়। যাচাই করা হলে দেখা গেছে, বাংলাদেশে তৈরি পোশাককে ভারতীয় উল্লেখ করে বেশি দামে বিক্রি করা হচ্ছিল। এ কারণে রাজস্থান প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা করা হয়।
একই অভিযানে ‘খাজানা’ নামের একটি প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। প্রতিষ্ঠানটি পোশাকের পুরোনো স্টিকারের ওপর নতুন স্টিকার লাগিয়ে দাম বাড়ানোর অভিযোগে ধরা পড়ে। এছাড়া ‘কুদু’ নামের দোকানকে মেয়াদোত্তীর্ণ ইফতার সামগ্রী বিক্রি ও অপরিচ্ছন্ন পরিবেশে খাবার তৈরির কারণে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
উপপরিচালক ফয়েজ উল্লাহ বলেন, ‘ভোক্তা অধিকার সংরক্ষণ আমাদের দায়িত্ব। অভিযানের মাধ্যমে নিশ্চিত করা হচ্ছে, ভোক্তাদের সঙ্গে কোনো প্রকার প্রতারণা বা মিথ্যা তথ্য দেওয়া না হয়।’
সিএ/এমই


