কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী পাগলা মসজিদে নিলাম সংক্রান্ত সংবাদ সংগ্রহের সময় দুই সাংবাদিক হামলার শিকার হয়েছেন। ঘটনা ঘটেছে গতকাল বৃহস্পতিবার আসরের নামাজের পর মসজিদের নিলামঘরের সামনে। স্থানীয় নিলাম সিন্ডিকেটের সদস্যদের বিরুদ্ধে হামলার অভিযোগ ওঠেছে।
আহত সাংবাদিকরা হলেন চ্যানেল টুয়েন্টিফোরের জেলা প্রতিনিধি খায়রুল আলম ফয়সাল এবং গ্লোবাল টেলিভিশনের জেলা প্রতিনিধি ফয়জুল ইসলাম ভূইয়া পিংকু। তাঁরা কিশোরগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা নেওয়ার পর রাতেই বাড়ি ফিরেছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিন আসরের নামাজের পর মসজিদের দানের গরু-ছাগল, হাঁস–মুরগিসহ বিভিন্ন সামগ্রী নিলামে তোলা হয়। দীর্ঘদিন ধরে কম দামে এসব সামগ্রী ক্রয় করে আসছে একটি সিন্ডিকেট। গতকাল বিকেলে চারজন সাংবাদিক সংবাদ সংগ্রহ করতে গেলে সিন্ডিকেট চক্রের সদস্যরা ‘মব’ সৃষ্টি করে তাদের ওপর হামলা চালায়। আনসার সদস্যদের সহায়তায় সাংবাদিকদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।
কিশোরগঞ্জের সাংবাদিক সমাজ এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে। তারা হামলাকারীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। আজ শুক্রবার বেলা সাড়ে ১১টায় কিশোরগঞ্জ শহরে মানববন্ধনও অনুষ্ঠিত হয়েছে।
ঘটনার পর কিশোরগঞ্জ থানার পুলিশ পরিদর্শন করেছে এবং জীবন ও মনা নামের দুই সিন্ডিকেট সদস্যকে আটক করা হয়েছে। পুলিশ সুপার এস এম ফরহাদ হোসেন বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। জেলা প্রশাসক ও পাগলা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ আসলাম মোল্লা জানিয়েছেন, সিন্ডিকেটমুক্ত করতে প্রশাসন সব সময় তৎপর রয়েছে এবং অভিযুক্তদের দ্রুত শাস্তির আওতায় আনা হবে।
প্রতিদিন আসরের নামাজ থেকে মাগরিবের আগমুহূর্ত পর্যন্ত মসজিদে মানুষের দানকৃত গরু-ছাগল, হাঁস–মুরগিসহ নানা সামগ্রী নিলামে বিক্রি করা হয়। বহু মানুষ বিশ্বাস করেন, পাগলা মসজিদে দান করলে তাদের মনोकামনা পূরণ হয়।
সিএ/এমই


