ময়মনসিংহে ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী এক ছাত্রদল নেতা নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে ভালুকা-ফুলবাড়িয়া উপজেলার সীমান্তবর্তী জোরার ব্রিজ এলাকার ভরাডোবা-সাগরদীঘি সড়কে এই দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি নয়ন আহাম্মেদ (২৭)। তিনি ভালুকা পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ছিলেন। নয়ন আহাম্মেদ ভালুকা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড কাঠাঁলি এলাকার আরফান আলী শেখের ছেলে। একই দুর্ঘটনায় শাহাদাত শাকিল নামের এক যুবক আহত হন।
পুলিশ সূত্রে জানা গেছে, নয়ন আহাম্মেদ ও শাহাদাত শাকিল মোটরসাইকেলে ফুলবাড়িয়া এলাকা থেকে ভালুকায় আসছিলেন। জোরার ব্রিজ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সঙ্গে সংঘর্ষ ঘটে। এতে নয়ন আহাম্মেদ ঘটনাস্থলে নিহত হন এবং তাঁর সহযাত্রী শাকিল আহত হন। সংঘর্ষের পর ট্রাকটি দ্রুত ঘটনাস্থল থেকে চলে যায়। স্থানীয়রা আহত ও নিহতকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পৌঁছে দেন।
ফুলবাড়িয়া থানার পরিদর্শক (তদন্ত) মোখলেছুর রহমান আকন্দ জানান, ট্রাকের সঙ্গে সংঘর্ষে নয়ন আহাম্মেদ মারা গেছেন। ট্রাকটি পালিয়ে যাওয়ায় সেটি শনাক্ত করা যায়নি। পরিবারের পক্ষ থেকে অভিযোগ না থাকার কারণে এবং ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
সিএ/এমই


