নারায়ণগঞ্জের মেধাবী ছাত্র তানভীর মুহাম্মদ ত্বকী হত্যার ১৩ বছর পূর্ণ হচ্ছে ৬ মার্চ। এ উপলক্ষে তিন দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চ। মঙ্গলবার (৬ ডিসেম্বর) দুপুরে সংগঠনের সদস্যসচিব হালিম আজাদের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ৬ মার্চ সকাল সাড়ে ৯টায় নারায়ণগঞ্জের বন্দর সিরাজ শাহর আস্তানায় ত্বকীর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে। এরপর ৮ মার্চ সন্ধ্যা সাতটায় নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের উদ্যোগে কেন্দ্রীয় শহীদ মিনারে আলোক প্রজ্বালন কর্মসূচি পালিত হবে। সবশেষ ১৪ মার্চ বেলা আড়াইটায় ঢাকায় জাতীয় সংসদ ভবনের সামনে ‘ত্বকী সমাবেশ’ অনুষ্ঠিত হবে। এই সমাবেশে কথা, গান, নাটক ও ছবি আঁকার মধ্য দিয়ে হত্যাকাণ্ডের বিচারহীনতার বিরুদ্ধে প্রতিবাদ জানানো হবে।
২০১৩ সালের ৬ মার্চ নগরের শায়েস্তা খাঁ রোডের বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হয় তানভীর মুহাম্মদ ত্বকী। দুই দিন পর ৮ মার্চ শীতলক্ষ্যা নদীর কুমুদিনী খাল থেকে তাঁর লাশ উদ্ধার করে পুলিশ।
২০১৪ সালের ৫ মার্চ তদন্তকারী সংস্থা র্যাব এক সংবাদ সম্মেলনে জানায়, নারায়ণগঞ্জের ওসমান পরিবারের নির্দেশে তাদেরই টর্চারসেলে ১১ জন মিলে ত্বকীকে হত্যা করে। অচিরেই অভিযোগপত্র আদালতে পেশ করা হবে বলেও জানানো হয়। তবে দীর্ঘ সময় পেরিয়ে গেলেও এখনো অভিযোগপত্র দেওয়া হয়নি।
ত্বকী হত্যার বিচার শুরু ও চিহ্নিত আসামিদের গ্রেপ্তারের দাবিতে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোট প্রতি মাসের ৮ তারিখ আলোক প্রজ্বালনসহ বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে।
সিএ/এমই


