চট্টগ্রামের চন্দনাইশে শনিবার দুপুর একটার দিকে যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী মোহাম্মদ জাবেদ (৩২) নিহত হয়েছেন। দুর্ঘটনাটি উপজেলার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের বাগিচাহাট মক্কা পেট্রলপাম্প এলাকায় ঘটে।
নিহত জাবেদ পূর্ব সাতবাড়িয়া হাজির পাড়ার মৃত রফিক আহমদের ছেলে এবং একটি বীজ কোম্পানির বিক্রয় প্রতিনিধি ছিলেন।
প্রত্যক্ষদর্শী মোহাম্মদ আসিফ জানান, হানিফ পরিবহন নামে একটি যাত্রীবাহী বাস বেপরোয়া গতিতে কাভার্ড ভ্যানকে ওভারটেক করার চেষ্টা করতে গিয়ে জাবেদের মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে জাবেদ ঘটনাস্থলেই প্রাণ হারান। পরে উত্তেজিত জনতা বাসটি ভাঙচুর করেন।
নিহতের চাচাতো ভাই মোহাম্মদ আরমান হোসেন বলেন, ‘জাবেদ নিয়মিত বিভিন্ন দোকানে সাক্ষাৎ করতে মোটরসাইকেল ব্যবহার করতেন। দুর্ঘটনার দিন সকালে তিনি দোহাজারী গিয়েছিলেন।’
দোহাজারী হাইওয়ে থানার ওসি সালাহ উদ্দিন চৌধুরী জানান, দুর্ঘটনার পর বাসচালক ও সহকারী পালিয়ে গেছেন। দুর্ঘটনাস্থল থেকে বাস ও মোটরসাইকেল জব্দ করা হয়েছে। আইনি প্রক্রিয়ার পরে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
সিএ/এমই


