চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় মাদক কারবারে বাধা দেওয়াকে কেন্দ্র করে এক জামায়াত কর্মীকে ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। শুক্রবার (৫ ডিসেম্বর) বিকেল চারটার দিকে উপজেলার সোনাকানিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের শিবলী চেয়ারম্যান জামে মসজিদের সামনে এ হামলার ঘটনা ঘটে।
আহত ব্যক্তির নাম গিয়াস উদ্দিন (৩২)। তিনি সোনাকানিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সুপার পাড়া এলাকার বাসিন্দা এবং স্থানীয়ভাবে জামায়াতের কর্মী হিসেবে পরিচিত।
সোনাকানিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মহি উদ্দিন বলেন, কয়েক দিন আগে গিয়াস উদ্দিন স্থানীয় কয়েকজনকে মাদক কারবারে বাধা দিয়েছিলেন। এতে তাঁরা ক্ষুব্ধ ছিলেন। শুক্রবার বিকেলে গিয়াস মোটরসাইকেলে করে বাংলাবাজার এলাকায় যাচ্ছিলেন। এ সময় আগে থেকে ওত পেতে থাকা কয়েকজন ব্যক্তি তাঁর ওপর অতর্কিতে হামলা চালান এবং তাঁর পিঠে ছুরিকাঘাত করেন। স্থানীয়রা দ্রুত তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন।
ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয়রা জানান, মাদকসংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে এ হামলা হয়ে থাকতে পারে।
সাতকানিয়া থানার উপপরিদর্শক সুমন হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে এ ঘটনায় এখনো থানায় কেউ লিখিত অভিযোগ করেননি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সিএ/এমই


