কক্সবাজার-টেকনাফ আঞ্চলিক মহাসড়কের উখিয়া কুতুপালং এলাকায় বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটায় তুরস্ক প্রতিনিধি দলের গাড়িবহর একটি দুর্ঘটনার কবলে পড়ে। তবে এতে তুরস্ক প্রতিনিধি দলের কেউ আহত হননি। বহরে থাকা সাবেক জার্মান ফুটবলার মেসুত ওজিল এবং তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান-এর ছেলে নেকমেদ্দিন বিলাল এরদোয়ান অক্ষত রয়েছেন।
পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার সময় একটি ব্যাটারিচালিত ইজিবাইক গাড়িবহরের সামনে চলে আসে এবং সম্মুখভাগে থাকা পুলিশের গাড়ির সঙ্গে সংঘর্ষ করে। এতে ইজিবাইকটি দুমড়েমুচড়ে যায় এবং চালক আহত হন। পুলিশের গাড়ি সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে।
শাহপরীর দ্বীপ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম জানিয়েছেন, দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত বিলাল এরদোয়ান ও মেসুত ওজিল উখিয়ার কয়েকটি রোহিঙ্গা আশ্রয়শিবির পরিদর্শন করেছেন। দুর্ঘটনার পর পুলিশ প্রতিনিধিদলকে নিরাপদে কক্সবাজার বিমানবন্দরে পৌঁছে দেয়। রাত আটটার দিকে তারা বিশেষ উড়োজাহাজে ঢাকার উদ্দেশ্যে রওনা হন।
তুরস্ক প্রতিনিধি দল সকাল সাড়ে ১০টায় ঢাকা থেকে কক্সবাজার বিমানবন্দরে আসে। জেলা প্রশাসক মো. আ. মান্নান এবং পুলিশ সুপার এ এন এম সাজেদুর রহমান তাদের স্বাগত জানান। এরপর তারা শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (আরআরআরসি) কার্যালয়ে বৈঠক করেন এবং রোহিঙ্গা আশ্রয়শিবিরে যান।
আশ্রয়শিবিরে তারা রোহিঙ্গা শিশুদের শিক্ষা ও স্বাস্থ্য কার্যক্রম পরিদর্শন করেন। বিকেলে রোহিঙ্গা তরুণদের সঙ্গে একটি প্রীতি ফুটবল ম্যাচেও অংশ নেন ওজিল।
সিএ/এমই


