পটুয়াখালীর দশমিনা উপজেলায় ওয়ারেন্টভুক্ত এক আসামিকে গ্রেপ্তারকে কেন্দ্র করে উত্তেজনার জেরে উপজেলা ছাত্র অধিকার পরিষদের এক নেতার ওপর হামলা ও তাঁর ব্যবসাপ্রতিষ্ঠানে ভাঙচুরের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে উপজেলা সদরের বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
আহত হাসান মাহামুদ (২৫) উপজেলা ছাত্র অধিকার পরিষদের দপ্তর সম্পাদক। ঘটনার পর স্থানীয়রা তাঁকে উদ্ধার করে প্রথমে দশমিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
হাসান মাহামুদের অভিযোগ, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আবুল বশারের অনুসারীরা তাঁর ওপর হামলা চালিয়েছেন। তিনি দাবি করেন, ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তারের ঘটনাকে কেন্দ্র করেই এ হামলা হয়েছে।
গণ অধিকার পরিষদের উপজেলা সদস্যসচিব মিলন মিয়া বলেন, চরবোরহান ইউনিয়নের ছাত্রদল নেতা রাকিবুল ইসলামের বিরুদ্ধে আদালতের ওয়ারেন্ট ছিল। বৃহস্পতিবার রাত ৯টার দিকে পুলিশ তাঁকে গ্রেপ্তার করতে গেলে আবুল বশার ও তাঁর লোকজনের সঙ্গে পুলিশের বাগ্বিতণ্ডা হয়। পরে অতিরিক্ত পুলিশ এসে রাকিবুল ইসলামকে থানায় নিয়ে যায়। এরপর স্থানীয় বিএনপির কর্মী ইউপি সদস্য ছিদ্দিক মিয়া এবং ছাত্রদল নেতা আবুল বশারের লোকজন হাসান মাহামুদকে মারধর এবং তাঁর দোকান ভাঙচুর করেন। হাসান মাহামুদকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাঁকের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এ বিষয়ে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আবুল বশারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর মুঠোফোনে একাধিকবার কল করেও সাড়া পাওয়া যায়নি।
জেলা গণ অধিকার পরিষদের সিনিয়র সহসভাপতি কালাম পঞ্চায়েত বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নুরুল হকের (নুর) নির্বাচনী কার্যালয় ভাঙচুর এবং কর্মীদের মারধরের মামলায় রাকিবুল ইসলামও আসামি। আদালতের ওয়ারেন্টের ভিত্তিতে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। পরবর্তী সময়ে ছাত্রদলের লোকজন হাসান মাহামুদকে মারধর করেন। এ বিষয়ে পুলিশের কাছে মৌখিক অভিযোগ করা হয়েছে।
দশমিনা থানার উপপরিদর্শক (এসআই) মনিরুল ইসলাম বলেন, আসামিকে থানায় আনার পর স্থানীয় পর্যায়ে ঝামেলার কথা তিনি শুনেছেন। তবে বিস্তারিত জানেন না।
সিএ/এমই


