রাজশাহীর পবা উপজেলার দামকুড়া ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য মোশাররফ হোসেন হত্যা মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব। বুধবার ( ৫ ডিসেম্বর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার বড়ইকুড়ি এলাকায় অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়।
বৃহস্পতিবার (৬ ডিসেম্বর) র্যাব-৫-এর অধিনায়কের কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। গ্রেপ্তার ব্যক্তির নাম মো. রাজিবুল ইসলাম ওরফে রাজিব (৩৫)। তাঁর বাড়ি দামকুড়া থানার শিতলাই (বাথানবাড়ী) গ্রামে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাঁকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৫ জানুয়ারি রাতে নিজ বাড়ির সামনে একটি চায়ের দোকানে গরু কেনাবেচাকে কেন্দ্র করে মোশাররফ হোসেনের সঙ্গে আসামিদের তর্ক-বিতর্ক হয়। একপর্যায়ে আসামিরা বাঁশের লাঠি দিয়ে তাঁর মাথায় আঘাত করে। এতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে চারজন নামীয় এবং আরও সাত থেকে আটজন অজ্ঞাতপরিচয় ব্যক্তি তাঁকে মারধর করে ঘটনাস্থল ত্যাগ করেন।
স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় মোশাররফকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২৬ জানুয়ারি সকালে তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
ঘটনার পর মোশাররফের ছেলে বাদী হয়ে দামকুড়া থানায় চারজনের নাম উল্লেখ করে এবং সাত থেকে আটজন অজ্ঞাতপরিচয় ব্যক্তিকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। থানা-পুলিশের পাশাপাশি র্যাব-৫ ছায়া তদন্ত শুরু করে এবং অভিযুক্তদের গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি জোরদার করে।
এর আগে ১ ফেব্রুয়ারি একই মামলায় শিতলাই গ্রামের মোছাব্বর হোসেনের দুই ছেলে রফিকুল ইসলাম ওরফে রাকিব এবং আরিফুল ইসলাম ওরফে আরিফকে গ্রেপ্তার করা হয়। তাঁরা মামলার ৩ ও ৪ নম্বর আসামি।
র্যাব-৫ জানিয়েছে, মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
সিএ/এমই


