বরিশালে দেলোয়ার হোসেন চৌধুরী (৬০) নামে বিএনপির এক কর্মীকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। বুধবার ( ৫ ডিসেম্বর) রাতে বরিশাল সদর উপজেলার শিবপাশা বাদামতলা পুল–সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। পরে একটি ডোবা থেকে তাঁর লাশ উদ্ধার করে পুলিশ।
স্থানীয় একাধিক ব্যক্তি জানান, দেলোয়ার স্থানীয় বাদামতলা বাজারের ইজারাদার ছিলেন এবং পেশায় গরু ব্যবসায়ী হিসেবে পরিচিত ছিলেন। প্রতিদিনের মতো বাজারের হিসাব-নিকাশ শেষে তিনি রাতে বাড়ির উদ্দেশে রওনা দেন। পথে কোনো এক সময় দুর্বৃত্তরা তাঁকে আক্রমণ করে।
ঘটনাস্থলে তাঁর ব্যবহৃত বাইসাইকেল ও গলার মাফলার পড়ে থাকতে দেখে পথচারীদের সন্দেহ হয়। পরে আশপাশে খোঁজাখুঁজি করে পাশের একটি ডোবায় তাঁর লাশ পড়ে থাকতে দেখা যায়। বিষয়টি পুলিশকে জানানো হলে রাত ১১টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
রায়পাশা-কড়াপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আজাদী হাসনাত ফিরোজ বলেন, দেলোয়ার কুপিয়ে হত্যা করা হয়েছে। তাঁর শরীরে ধারাল অস্ত্রের আঘাত আছে। দেলোয়ার বিএনপির একনিষ্ঠ কর্মী ছিলেন। আওয়ামী লীগের আমলে মামলা-হামলার শিকার হয়েছেন। তাঁর বংশের লোকদের সঙ্গে জমি নিয়ে দ্বন্দ্ব ছিল। সেই দ্বন্দ্বের জেরে তাঁকে কুপিয়ে হত্যা করা হতে পারে।
বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, দুর্বৃত্তরা দেলোয়ার হোসেনের মাথার বাঁ পাশে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে লাশ ডোবার পানিতে ফেলে রাখে। পুরো বিষয়টি গভীরভাবে তদন্ত করা হচ্ছে। পাশাপাশি এ ঘটনায় হত্যা মামলার প্রস্তুতি চলছে।
ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে তৎপর রয়েছে বলে জানা গেছে।
সিএ/এমই


