ঝালকাঠির নলছিটি পৌর শহরের বাসস্ট্যান্ড এলাকায় শনিবার বেলা সাড়ে ১১টার দিকে এক বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান হাদির বোন মাসুমা হাদি। তিনি বলেন, ‘বিচার না পাওয়া পর্যন্ত আমাদের আন্দোলন থামবে না। আমরা এমন একটি বাংলাদেশ চাই, যা হবে ওসমান হাদির আদর্শের বাংলাদেশ।’
মাসুমা হাদি আরও বলেন, ‘এই রাষ্ট্রে কোনো ধরনের ভিনদেশি দাসত্ব আমরা মেনে নেব না। যারা বিদেশি শক্তিকে পুঁজি করে ক্ষমতায় যেতে চায়, তাদের জনগণ ভোটের মাধ্যমে প্রত্যাখ্যান করবে।’
শুক্রবার বিকেলে শরিফ ওসমান হাদির হত্যার আন্তর্জাতিক তদন্ত এবং হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের বিচার দাবিতে ইনকিলাব মঞ্চের নেতা-কর্মীরা প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে পদযাত্রা শুরু করেন। রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনে পুলিশ আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে জলকামান ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করলে বেশ কয়েকজন আহত হন।
মাসুমা হাদি বলেন, ‘ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে সাক্ষাতের জন্য একাধিকবার চেষ্টা করা হলেও ব্যর্থ হয়েছি। দেয়ালে পিঠ ঠেকে গেলে শান্তিপূর্ণভাবে যমুনার সামনে অবস্থান কর্মসূচি পালন করা হয়। সেখানে পুলিশের ন্যক্কারজনক হামলার তীব্র নিন্দা জানাই।’
তিনি জাতিসংঘের কাছে আহ্বান জানিয়ে বলেন, ‘ওসমান হাদির হত্যার নিরপেক্ষ তদন্ত জাতিসংঘের অধীনেই হতে হবে। আমরা আন্তর্জাতিক মহলের দৃষ্টি আকর্ষণ করছি।’
মাসুমা হাদি আরও বলেন, ‘নির্বাচনের আগেই যদি প্রশাসনের এই অবস্থা হয়, তাহলে সেই প্রশাসন দিয়ে কীভাবে একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব? যমুনার সামনে ১৪৪ ধারা জারির কথা বলা হচ্ছে, কিন্তু শাহবাগে তখন কী ধারা জারি ছিল—সেখানে কেন ছাত্র-জনতার ওপর নির্মম হামলা চালানো হলো? আমরা ওসমান হাদির বাংলাদেশ চাই, ওসমান হাদির রাষ্ট্র গড়তে চাই।’
সিএ/এমই


