রাজধানীর মিরপুর ২ নম্বরে অবস্থিত এলএ প্লাজা নামের ১১ তলা বাণিজ্যিক ভবনে আজ সোমবার দুপুরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন লাগার পর ভবনের তলায় থাকা অনেক মানুষ ছাদে উঠে যান, কেউ কেউ বিভিন্ন তলায় আটকা পড়েন। পরে ফায়ার সার্ভিস তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, বেলা ১টা ৫২ মিনিটে আগুন লাগার খবর পেয়ে প্রথমে চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। পরে আরও দুটি ইউনিট যোগ দেয়। তাদের চেষ্টায় বেলা ৩টা ২২ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে এবং বিকেল ৪টা ৩৫ মিনিটে পুরোপুরি নিভে যায়।
মিরপুর স্টেশনের কর্মকর্তা শাজাহান সিরাজ বলেন, “ভবনের তৃতীয় তলায় আগুন লাগার পর ভবনের ভেতরে থাকা মানুষ ছাদে উঠে যায়। কেউ কেউ বিভিন্ন তলায় আটকা পড়েন। টার্ন টেবিল ল্যাডার ব্যবহার করে ১৪ জন পুরুষ ও ১০ জন নারীকে উদ্ধার করা হয়। এর মধ্যে চার ও পাঁচতলার মাঝামাঝি সিঁড়ি থেকে একজন নারী ও একজন পুরুষকে অসুস্থ অবস্থায় উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তারা ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েছিলেন।”
মিরপুর থানার উপপরিদর্শক আহসান সোহেল জানান, হাসপাতালে নেওয়া দুজনের মৃত্যু হয়েছে। মৃত পুরুষের নাম রাকিব হাসান। নারীর নাম পরিচয় এখনো জানা যায়নি। পুলিশ ঘটনার বিস্তারিত তদন্ত করছে।
ফায়ার সার্ভিসের সদর দপ্তরের নিয়ন্ত্রণ কক্ষ জানিয়েছে, ভবনের তৃতীয় তলায় একটি স্পা সেন্টারে আগুনের সূত্রপাত হয়। প্রাথমিকভাবে বৈদ্যুতিক গোলযোগকে আগুনের কারণ হিসেবে ধরা হচ্ছে।
সিএ/এমই


