বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যা মামলার রায় আজ ঘোষণা করা হবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারিক প্যানেল এই রায় প্রদান করবে।
মামলার ৩০ আসামির মধ্যে গ্রেফতার ছয়জনকে ইতোমধ্যে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে রায় ঘোষণা করা হবে। রায়টি বাংলাদেশ টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হবে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।
এর আগে গত ৫ মার্চ রায়ের দিন নির্ধারণ করা হয়। রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের যুক্তিতর্ক শেষে ২৭ জানুয়ারি মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ রাখা হয়। মামলায় রাষ্ট্রপক্ষে যুক্তি উপস্থাপন করেন মোহাম্মদ মিজানুল ইসলাম ও গাজী এম এইচ তামীম। আসামিপক্ষে ছিলেন একাধিক আইনজীবী।
গ্রেফতার ছয় আসামির মধ্যে রয়েছেন পুলিশ সদস্য, বিশ্ববিদ্যালয় কর্মকর্তা ও সাবেক ছাত্রনেতা। বাকি ২৪ আসামি এখনো পলাতক। তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার পর অভিযোগ গ্রহণ করে ট্রাইব্যুনাল এবং পরবর্তীতে বিচার কার্যক্রম শুরু হয়।
২০২৪ সালের ১৬ জুলাই সংঘটিত এই হত্যাকাণ্ড বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ঘটে, যা পরবর্তী সময়ে বৃহৎ রাজনৈতিক পরিবর্তনের সূচনা করে।
সিএ/এমআর


