জরুরি পাইপলাইন স্থানান্তর কাজের কারণে রাজধানীসহ আশপাশের কয়েকটি এলাকায় টানা ২৪ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ প্রকল্পের আওতায় পাইপলাইন স্থানান্তরের কাজ চলবে। এ কারণে শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত নির্দিষ্ট এলাকাগুলোতে সব ধরনের গ্রাহকের গ্যাস সংযোগ বন্ধ থাকবে।
গ্যাস সরবরাহ বন্ধ থাকবে আশুলিয়া টিবিএস থেকে বাইপাইল পর্যন্ত সড়কের দুই পাশের এলাকা, ঢাকা ইপিজেড, মালঞ্চ পাওয়ার প্লান্ট, বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স, কাশিমপুর, সারদাগঞ্জ, শ্রীপুর, চন্দ্রা, নবীনগর, সাভার টাউন, সাভার ক্যান্টনমেন্টসহ আশপাশের বিভিন্ন এলাকায়।
এ ছাড়া উলাইল, ব্যাংক টাউন, রেডিও কলোনি, কলমা, দোসাইদ, বড় আশুলিয়া, টঙ্গাবাড়ি, জিরাবো, নয়াপাড়া, নয়ারহাট, ভাদাইল, লতিফপুরসহ আরও অনেক এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানিয়েছে, নির্ধারিত এলাকার আশপাশে গ্যাসের স্বল্পচাপ থাকতে পারে। সাময়িক এই অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করা হয়েছে।
সিএ/এমআর


