নেত্রকোনার কলমাকান্দায় অভ্যর্থনার নামে শিক্ষার্থীদের সড়কের পাশে সারিবদ্ধভাবে দাঁড় করিয়ে রাখার ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও নেত্রকোনা-১ (কলমাকান্দা-দুর্গাপুর) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল। একই সঙ্গে তিনি সংশ্লিষ্ট প্রধান শিক্ষকের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে নির্দেশ দেন।
বৃহস্পতিবার (২ এপ্রিল) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার উদয়পুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বড়খাপন ইউনিয়নের গুড়াডোবা হাওরে স্বেচ্ছাশ্রমে নির্মাণাধীন একটি বাঁধ পরিদর্শনে যাচ্ছিলেন। পথিমধ্যে উদয়পুর বাজার এলাকায় পৌঁছালে তিনি দেখতে পান, উদয়পুর মিতালী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের রাস্তার দুই পাশে দাঁড় করিয়ে রাখা হয়েছে তাকে স্বাগত জানাতে।
এ দৃশ্য দেখে তিনি গাড়ি থামিয়ে নেমে আসেন এবং শিক্ষার্থীদের এভাবে দাঁড় করিয়ে রাখার কারণ জানতে চান। একই সঙ্গে তিনি এ ঘটনায় অসন্তোষ প্রকাশ করেন। উপস্থিত বিদ্যালয়ের প্রধান শিক্ষককে উদ্দেশ করে তিনি বলেন, শিক্ষার্থীদের কখনোই এভাবে রাস্তায় দাঁড় করানো উচিত নয়। আগে থেকে জানানো হলে তিনি নিজেই বিদ্যালয়ে গিয়ে শিক্ষার্থীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে পারতেন বলেও উল্লেখ করেন।
ঘটনাস্থলেই উপস্থিত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এস এম মিকাইল ইসলামকে বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন ডেপুটি স্পিকার। পরে তিনি বিদ্যালয়ে গিয়ে শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন।
এ সময় তিনি বলেন, ভবিষ্যতে কোনো শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষার্থীদের রোদে বা সড়কের পাশে দাঁড় করিয়ে সংবর্ধনা আয়োজন করতে পারবে না। মন্ত্রী, এমপি বা স্পিকার হওয়া বড় বিষয় নয়, শিক্ষার্থীদের স্বার্থই এখানে অগ্রাধিকার পেতে হবে।
শিক্ষার্থীদের উদ্দেশে তিনি আরও বলেন, জীবনে সফল হতে হলে শিক্ষার কোনো বিকল্প নেই। পাশাপাশি মোবাইল ফোনে আসক্তি কমিয়ে বই পড়ার অভ্যাস গড়ে তোলার আহ্বান জানান তিনি। নিজের ছাত্রজীবনের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, আগের তুলনায় এখন শিক্ষার্থীদের জন্য অনেক উন্নত সুযোগ-সুবিধা তৈরি হয়েছে, যা কাজে লাগাতে হবে।
এ বিষয়ে কলমাকান্দা উপজেলা নির্বাহী অফিসার এস এম মিকাইল ইসলাম জানান, অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।
সিএ/এএ


