দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলা চুয়াডাঙ্গায় তাপমাত্রা ক্রমেই বাড়ছে, যার প্রভাব পড়েছে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে। টানা তাপপ্রবাহে জনজীবন বিপর্যস্ত হয়ে উঠেছে।
শুক্রবার দুপুরে জেলায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। একদিনের ব্যবধানে তাপমাত্রা বেড়েছে প্রায় ১ দশমিক ২ ডিগ্রি।
আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, টানা কয়েকদিন ধরে মাঝারি তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৩১ শতাংশ। এর আগের দিন সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের পর্যবেক্ষক জাহিদুল হক জানান, আগামী দিনগুলোতেও তাপমাত্রা বাড়তে পারে। তিনি অপ্রয়োজনে বাইরে না বের হওয়ার পরামর্শ দিয়েছেন।
তীব্র গরমে মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সড়কে মানুষের উপস্থিতি কমে যাচ্ছে। অনেকেই গরম থেকে বাঁচতে ছায়াযুক্ত স্থানে আশ্রয় নিচ্ছেন।
অন্যদিকে শিশুদের মধ্যে গরম থেকে রক্ষা পেতে পানিতে নামার প্রবণতা দেখা গেছে।
পরিস্থিতি অব্যাহত থাকলে জনজীবনে আরও ভোগান্তি বাড়তে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।
সিএ/এমআর


