শুক্রবার ( ৫ ডিসেম্বর) টাঙ্গাইলে হামের প্রকোপ উদ্বেগজনকভাবে বাড়ছে। ভোরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাফা নামে এক শিশুর মৃত্যু হয়েছে। একই সঙ্গে নতুন করে আরও আক্রান্ত শিশু ভর্তি হওয়ায় হাসপাতালে মোট রোগীর সংখ্যা ২৩ জনে দাঁড়িয়েছে।
নিহত সাফা টাঙ্গাইল সদর উপজেলার ধুলটিয়া গ্রামের সাদ্দাম হোসেনের মেয়ে। হাসপাতাল সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৮ জন শিশু হামে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছে। এর আগে বৃহস্পতিবার একই হাসপাতালে ১৩ মাস বয়সী সায়ফাল নামের এক শিশুর মৃত্যু হয়। ফলে এখন পর্যন্ত টাঙ্গাইল জেনারেল হাসপাতালে হামে আক্রান্ত হয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে।
হাসপাতালের শিশু বিশেষজ্ঞ সাইফুল ইসলাম বলেন, হাম একটি অত্যন্ত সংক্রামক ভাইরাসজনিত রোগ, যা দ্রুত ছড়িয়ে পড়তে পারে। তিনি জানান, শিশুদের নিয়মিত টিকাদান নিশ্চিত করা, আক্রান্তদের আলাদা রাখা এবং স্বাস্থ্যবিধি মেনে চলা অত্যন্ত জরুরি। জ্বর, ফুসকুড়ি বা চোখ লাল হওয়ার মতো উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ারও আহ্বান জানান তিনি।
টাঙ্গাইল জেনারেল হাসপাতালের উপ-পরিচালক খন্দকার সাদিকুর রহমান জানান, হামের রোগী বাড়তে থাকায় একটি পৃথক ওয়ার্ডের প্রয়োজন দেখা দিয়েছে। এ কারণে ডায়রিয়া ওয়ার্ডকে হামের চিকিৎসার জন্য প্রস্তুত করা হয়েছে। বর্তমানে সেখানে ২৩ জন রোগী চিকিৎসাধীন রয়েছে।
সিএ/এএ


