জয়পুরহাটের আক্কেলপুর পৌর এলাকার ঠেঙ্গাপুরে তুলশীগঙ্গা নদীতে পড়ে আব্দুল্লাহ নামের এক মাদ্রাসাশিক্ষার্থী নিখোঁজ হয়েছে। তাকে উদ্ধারে ফায়ার সার্ভিস ও স্থানীয়দের যৌথভাবে তল্লাশি অভিযান চলছে।
নিখোঁজ আব্দুল্লাহ ওই এলাকার বাসিন্দা মোহাম্মদ ফারুকের ছেলে এবং স্থানীয় একটি মাদ্রাসার শিক্ষার্থী।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল পৌনে ১০টার দিকে আব্দুল্লাহ তার কয়েকজন সহপাঠীর সঙ্গে নদীর তীরে খেলছিল। এ সময় হঠাৎ পা পিছলে নদীতে পড়ে যায় এবং পানিতে তলিয়ে যায়।
ঘটনার খবর পেয়ে আক্কেলপুর ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। স্থানীয় বাসিন্দারাও এতে সহায়তা করছেন।
শেষ খবর পাওয়া পর্যন্ত শিশুটিকে উদ্ধার করা সম্ভব হয়নি। নদীর বিভিন্ন স্থানে তল্লাশি চালানো হচ্ছে।
ঘটনার পর নদীর তীরে স্বজনদের আহাজারি ও স্থানীয়দের ভিড় দেখা গেছে। নিখোঁজ শিশুটিকে উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।
সিএ/এমআর


