যশোরে মজুত থাকা সত্ত্বেও তেল সরবরাহ বন্ধ রাখার অভিযোগে একটি ফিলিং স্টেশনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। রোববার বিকেলে সদর উপজেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হয়।
সদর সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামীম হোসাইনের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে মোট আটটি ফিলিং স্টেশন পরিদর্শন করা হয়। প্রতিটি প্রতিষ্ঠানের মজুদ, কাগজপত্র ও সরবরাহ কার্যক্রম যাচাই করা হয়।
অভিযানে মনিহার এলাকার যাত্রিক ফিলিং স্টেশনে ৮১৫ লিটার পেট্রোল মজুদ থাকা সত্ত্বেও সরবরাহ বন্ধ রাখার প্রমাণ পাওয়া যায়। এ কারণে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪৫ ধারায় প্রতিষ্ঠানটিকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে আরও কয়েকটি ফিলিং স্টেশন পরিদর্শন করা হয়, যার মধ্যে করিম, চলন্তিকা, প্রাইম, চয়নিকা, জালালউদ্দিন, আমিন এবং মনির উদ্দিন ফিলিং স্টেশন উল্লেখযোগ্য। এসব প্রতিষ্ঠানে তেলের মজুদ ও বিক্রয় কার্যক্রম সন্তোষজনক পাওয়া গেলেও সংশ্লিষ্টদের সতর্ক করা হয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, ভোক্তাদের স্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। কেউ ইচ্ছাকৃতভাবে তেল সরবরাহ বন্ধ রেখে কৃত্রিম সংকট তৈরি করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
সিএ/এমআর


