কিশোরগঞ্জের মিঠামইন উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছেন।
সোমবার সকালে কেওয়ারজোড় ইউনিয়নের হেমন্তগঞ্জ এলাকায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাশেম গ্রুপ এবং একই গ্রামের নজির গ্রুপের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষটি প্রায় এক ঘণ্টা ধরে চলে।
আহতদের মধ্যে গুরুতর অবস্থায় নজির গ্রুপের আসাদ (৩৫) ও কাতল মিয়াকে (৩০) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া কয়েকজনকে কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের মিঠামইন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।
স্থানীয়দের তথ্য অনুযায়ী, ঈদের আগ থেকেই দুই পক্ষের মধ্যে উত্তেজনা চলছিল। এর জের ধরে সোমবার সকালে লাউকুড়া মাঠে দেশীয় অস্ত্র নিয়ে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।
মিঠামইন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লিয়াকত আলী জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
পুলিশ জানিয়েছে, সংঘর্ষের কারণ ও জড়িতদের বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
সিএ/এমআর


