আসন্ন পবিত্র ঈদুল ফিতরের দিন দেশের বিভিন্ন এলাকায় আবহাওয়ার পরিবর্তনের আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। চাঁদ দেখা সাপেক্ষে ২০ বা ২১ মার্চ ঈদ উদযাপিত হতে পারে, আর এই দুই দিনেই কোথাও কোথাও বৃষ্টি ও ঝড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে।
বুধবার এক পূর্বাভাসে আবহাওয়া অফিস জানায়, ২০ মার্চ রংপুর, ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু স্থানে এবং বরিশাল ও খুলনার দুই-এক জায়গায় দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
একই সঙ্গে কিছু এলাকায় বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে। এদিন সারা দেশে দিনের ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।
পরদিন ২১ মার্চও দেশের বিভিন্ন বিভাগে একই ধরনের আবহাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে। এদিনও দমকা হাওয়া, বজ্রসহ বৃষ্টি এবং কোথাও কোথাও শিলাবৃষ্টির আশঙ্কা রয়েছে।
তাপমাত্রার ক্ষেত্রেও উল্লেখযোগ্য পরিবর্তন না হলেও দিনের তাপমাত্রা কিছুটা কমতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানানো হয়েছে।
ঈদের সময় বাইরে বের হওয়ার ক্ষেত্রে আবহাওয়ার এই পরিবর্তন মাথায় রেখে প্রস্তুতি নেওয়ার পরামর্শ দিচ্ছেন সংশ্লিষ্টরা।
সিএ/এমআর


