রাজধানীর বছিলা এলাকার বাসিন্দা মাহমুদা স্বপ্না দীর্ঘদিন ধরে জটিল শারীরিক সমস্যায় ভুগছেন। প্রায় দেড় যুগ ধরে নানা অসুস্থতার সঙ্গে লড়াই করে চলা এই নারীর চিকিৎসা ব্যয় সামাল দিতে গিয়ে চরম আর্থিক সংকটে পড়েছে তাঁর পরিবার।
স্বপ্নার স্বামী মো. নাজমুল হক ঢাকার একটি বেসরকারি কলেজে শিক্ষকতা করেন। তিনি জানান, ২০১৪ সালে তাঁর স্ত্রীর মস্তিষ্কে রক্তক্ষরণ হয়। দীর্ঘ সময় শয্যাশায়ী থাকার পর ধরা পড়ে থ্যালাসেমিয়া। এরপর থেকে নিয়মিত চিকিৎসা ও পর্যবেক্ষণের মধ্যে রয়েছেন স্বপ্না।
চিকিৎসার অংশ হিসেবে ২০২২ সালের মে ও জুন মাসে ভারতের কলকাতায় তাঁর মেরুদণ্ড ও কোমরে দুই দফা অস্ত্রোপচার করা হয়। কিন্তু পরবর্তী সময়ে সংক্রমণ দেখা দিলে ২০২৫ সালের ২২ অক্টোবর ঢাকার একটি হাসপাতালে আবারও অস্ত্রোপচার করতে হয়। বর্তমানে তিনি কিছুটা হাঁটাচলা করতে পারলেও নিয়মিত ফিজিওথেরাপি নিতে হচ্ছে।
এই দীর্ঘ চিকিৎসা প্রক্রিয়ায় ইতিমধ্যে কয়েক লাখ টাকার ঋণের বোঝা বইতে হচ্ছে পরিবারটিকে। সীমিত আয়ের মধ্যে চিকিৎসা ব্যয় চালাতে গিয়ে হিমশিম খাচ্ছেন নাজমুল হক। এর মধ্যেই পরিবারের দায়িত্বও বেড়েছে। তাঁদের দুই মেয়ে—একজন একাদশ শ্রেণিতে এবং অন্যজন সপ্তম শ্রেণিতে পড়াশোনা করছে।
নিজেও বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছেন নাজমুল হক। তিনি হৃদ্রোগ, ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপে আক্রান্ত। সব মিলিয়ে পরিবারটি এখন কঠিন সময় পার করছে। এই পরিস্থিতিতে স্বপ্নার চিকিৎসা অব্যাহত রাখতে সমাজের সহৃদয় মানুষের সহযোগিতা কামনা করেছেন তিনি।
সহায়তা পাঠাতে পারেন—মো. নাজমুল হক, হিসাব নম্বর: ২৫৮১৫১০০২৫১১১, ডাচ্-বাংলা ব্যাংক, মোহাম্মদপুর শাখা, ঢাকা, রাউটিং নম্বর ০৯০২৬৩২৮৬। (বিকাশ ও নগদ) 01716451792।
সিএ/এমই


