ফ্যামিলি কার্ড কর্মসূচিকে আরও বিস্তৃত করে সর্বজনীন করার সিদ্ধান্ত নিয়েছে সরকার বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তবে যেসব নাগরিকের এই সুবিধা প্রয়োজন নেই, তারা স্বেচ্ছায় এই কার্ড গ্রহণ করবেন না বলেও আশা প্রকাশ করেছেন তিনি।
সোমবার দিনাজপুরের গোর-এ-শহীদ ঈদগাহ ময়দানে জেলা বিএনপি আয়োজিত সুধী সমাবেশ ও ইফতার মাহফিলে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানের শুরুতে সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে ভিক্ষাবৃত্তিতে নিয়োজিত মানুষের পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান কর্মসূচির অংশ হিসেবে ব্ল্যাকবেঙ্গল ছাগল বিতরণ করা হয়।
সমাবেশে বক্তব্য দিতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, বিগত বছরগুলোতে মানুষের প্রত্যাশা অনুযায়ী উন্নয়ন কার্যক্রম বাস্তবায়িত হয়নি। দীর্ঘ সময় ধরে যেসব কাজ সম্পন্ন হয়নি, সেগুলো অল্প সময়ের মধ্যে বাস্তবায়ন করা সম্ভব নয় বলেও তিনি উল্লেখ করেন।
তিনি বলেন, যারা ভোট দিয়েছেন বা দেননি, এই সরকার সবার সরকার। দেশের উন্নয়ন ও স্থিতিশীলতার জন্য ধৈর্য ধরে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।
প্রধানমন্ত্রী আরও বলেন, সরকারের বিভিন্ন সামাজিক সুরক্ষা কর্মসূচিকে আরও কার্যকর করার জন্য ফ্যামিলি কার্ড ব্যবস্থাকে বিস্তৃত করার চিন্তা করা হচ্ছে। এতে প্রয়োজন অনুযায়ী মানুষের কাছে সরকারি সহায়তা পৌঁছে দেওয়া সহজ হবে বলে মনে করা হচ্ছে।
তিনি নাগরিকদের উদ্দেশে বলেন, দেশের উন্নয়ন ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে এবং অযথা অস্থিরতা না তৈরি করে সম্মিলিতভাবে দেশ গঠনের কাজে এগিয়ে আসতে হবে।
সিএ/এমআর


