দেশের আরও পাঁচটি সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। নতুন নিয়োগ পাওয়া সিটি করপোরেশনগুলো হলো বরিশাল, রাজশাহী, ময়মনসিংহ, রংপুর ও কুমিল্লা।
শনিবার স্থানীয় সরকার বিভাগের জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, স্থানীয় সরকার সিটি কর্পোরেশন সংশোধন অধ্যাদেশ ২০২৪ এর ধারা ২৫ক এর উপধারা ১ অনুযায়ী সংশ্লিষ্ট ব্যক্তিদের তাদের নামের পাশে উল্লেখিত সিটি কর্পোরেশনের পূর্ণকালীন প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তারা এই দায়িত্ব পালন করবেন।
নিয়োগ পাওয়া ব্যক্তিদের মধ্যে বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক হিসেবে দায়িত্ব পেয়েছেন অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন। রাজশাহী সিটি করপোরেশনে প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন মো. মাহফুজুর রহমান। ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রশাসক হয়েছেন মো. রুকুনোজ্জামান রোকন। রংপুর সিটি করপোরেশনের প্রশাসক হিসেবে দায়িত্ব পেয়েছেন মাহফুজ উন নবী চৌধুরী এবং কুমিল্লা সিটি করপোরেশনে প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে মো. ইউসুফ মোল্লাকে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, নিয়োগ পাওয়া প্রশাসকরা স্থানীয় সরকার সিটি কর্পোরেশন সংশোধন অধ্যাদেশ ২০২৪ এর ধারা ২৫ক এর উপধারা ৩ অনুযায়ী সংশ্লিষ্ট সিটি করপোরেশনের মেয়রের ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন। দায়িত্ব পালনের ক্ষেত্রে তারা বিধি অনুযায়ী ভাতা ও অন্যান্য সুবিধা পাবেন।
এর আগে বিএনপি সরকার ক্ষমতায় আসার পর ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন, খুলনা, সিলেট, নারায়ণগঞ্জ এবং গাজীপুর সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছিল।
সিএ/এমআর


