মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতিতে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ অতিরিক্ত ডিজেল সরবরাহের জন্য ভারতের কাছে অনুরোধ করেছে, যা বর্তমানে ভারত বিবেচনা করছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল আজ নয়াদিল্লিতে সাপ্তাহিক ব্রিফিংয়ে এই তথ্য জানান।
জয়সোয়াল বলেন, বাংলাদেশ ছাড়াও শ্রীলঙ্কা ও মালদ্বীপও এই ধরনের অনুরোধ করেছে। ভারতের সরকার শোধনাগারের ক্ষমতা ও অভ্যন্তরীণ চাহিদা বিবেচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।
তিনি উল্লেখ করেন, ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে বিদ্যুৎ ও গ্যাস উৎপাদন ব্যাহত হচ্ছে। হরমুজ প্রণালীর মাধ্যমে তেল পরিবহনও বন্ধ থাকায় বিশ্বজুড়ে জ্বালানি সংকট তৈরি হওয়ার ঝুঁকি রয়েছে। এই পরিস্থিতিতে বাংলাদেশ ভারতের কাছে অতিরিক্ত ডিজেলের অনুরোধ জানিয়েছে।
জয়সোয়াল আরও বলেন, নুমালিগড় রিফাইনারি থেকে ২০০৭ সাল থেকে বাংলাদেশে ডিজেল সরবরাহ অব্যাহত আছে। ২০১৭ সালে দুই দেশের মধ্যে ডিজেল সরবরাহ চুক্তিও স্বাক্ষরিত হয়। ভারত শোধনাগারের ক্ষমতা ও অভ্যন্তরীণ চাহিদা খতিয়ে দেখার পর বাংলাদেশের অনুরোধ বিবেচনা করবে।
বাংলাদেশের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদের সঙ্গে হাইকমিশনার প্রণয় ভার্মার বৈঠকের পর দুই দেশের পক্ষও এই অনুরোধের বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেছিল।
সিএ/এমই


