মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতিতে বাংলাদেশের প্রবাসী কর্মীদের নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করতে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় নিয়ন্ত্রণকক্ষ স্থাপন করেছে। মন্ত্রণালয় থেকে সোমবার প্রকাশিত অফিস আদেশ অনুযায়ী, মঙ্গলবার থেকে ১৬ মার্চ পর্যন্ত প্রতিদিন সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত নিয়ন্ত্রণকক্ষ কার্যকর থাকবে।
নিয়ন্ত্রণকক্ষের কর্মকর্তা ও কর্মচারীরা তিনটি শিফটে দায়িত্ব পালন করবেন। নিয়ন্ত্রণকক্ষের অবস্থান প্রবাসী কল সেন্টার, লিফট-৭, প্রবাসীকল্যাণ ভবন, ইস্কাটন, ঢাকা। মন্ত্রণালয়ের হটলাইন নম্বর +৮৮০৯৬১০১০২০৩০-এ বিদেশে থাকা কোনো প্রবাসী কর্মী সার্বক্ষণিক যোগাযোগ করতে পারবেন।
ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া নিয়ন্ত্রণকক্ষের সার্বিক ব্যবস্থাপনায় দায়িত্ব পালন করবেন। প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের কর্মসংস্থান-১ শাখার উপসচিব মো. হেদায়েতুল ইসলাম মণ্ডল নিয়ন্ত্রণকক্ষের প্রধান কেন্দ্র কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন।
অফিস আদেশে উল্লেখ করা হয়েছে, নিয়ন্ত্রণকক্ষের কর্মকর্তারা মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি বিবেচনায় প্রয়োজনে বিদেশে থাকা শ্রমকল্যাণ উইং-এর সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখবেন। এই ব্যবস্থার মাধ্যমে প্রবাসী কর্মীরা যে কোনো জরুরি পরিস্থিতিতে দ্রুত সহায়তা পেতে সক্ষম হবেন।
সিএ/এমই


