বিরোধী দলের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করে জাতীয় সংসদের কার্যক্রমকে আরও প্রাণবন্ত ও অংশগ্রহণমূলক করতে সরকারের পক্ষ থেকে অঙ্গীকার ব্যক্ত করা হয়েছে। এ কথা জানিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ মো. নুরুল ইসলাম।
সোমবার (৯ মার্চ) জাতীয় সংসদ ভবনে চিফ হুইপের কার্যালয়ে বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামের নেতৃত্বে একটি প্রতিনিধিদল তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক করেন। বৈঠকে সংসদীয় কার্যক্রমকে আরও গতিশীল ও অংশগ্রহণমূলক করার বিষয়ে আলোচনা হয়।
জাতীয় সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে বিরোধী দলের প্রতিনিধিদলে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংসদ সদস্য রফিকুল ইসলাম খান, আবুল হাসনাত ও নূরুল ইসলাম।
বৈঠক শেষে জাতীয় সংসদের চিফ হুইপ মো. নুরুল ইসলাম আশা প্রকাশ করেন, বিরোধীদলীয় চিফ হুইপের সঙ্গে এই বৈঠক সংসদের কার্যক্রমকে আরও প্রাণবন্ত করতে সহায়ক হবে। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বিএনপি যে সরকার গঠন করেছে, সেখানে সংসদের প্রতিটি কার্যক্রমে বিরোধী দলের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করতে আমরা অঙ্গীকারাবদ্ধ।’
গত ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। আগামী বৃহস্পতিবার (১২ মার্চ) সকালে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসার কথা রয়েছে।
সাম্প্রতিক নির্বাচনে দুই–তৃতীয়াংশের বেশি আসনে জয় পেয়ে সরকার গঠন করেছে বিএনপি। নির্বাচনে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় নির্বাচনী জোট ছিল বিএনপির প্রধান প্রতিদ্বন্দ্বী।
নির্বাচনের ফল অনুযায়ী, জামায়াতে ইসলামী ৬৮টি আসনে জয় পেয়েছে এবং জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ছয়টি আসনে বিজয়ী হয়েছে। অন্যদিকে কয়েকটি আসনে জয় পেয়েছেন স্বতন্ত্র ও অন্যান্য রাজনৈতিক দলের প্রার্থীরা।
ত্রয়োদশ জাতীয় সংসদে প্রধান বিরোধী দলের ভূমিকা পালন করছে জামায়াতে ইসলামী। বিরোধীদলীয় চিফ হুইপ হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামকে।
সিএ/এমই


