পুলিশের ওপর অতিরিক্ত মানসিক চাপ তৈরি না করতে সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির। তিনি বলেছেন, কোনো ঘটনার পর তাৎক্ষণিকভাবে সবকিছু উদ্ঘাটনের চাপ তৈরি হলে তদন্ত প্রক্রিয়ায় জটিলতা সৃষ্টি হতে পারে। তাঁর মতে, অতীতে আলোচিত ‘জজ মিয়া নাটক’ও এমন পরিস্থিতির ফল।
সোমবার (৯ মার্চ) দুপুরে ঢাকার পুলিশ সদর দপ্তরের মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন আইজিপি। দায়িত্ব গ্রহণের পর এটিই ছিল তাঁর প্রথম আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন।
আইজিপি বলেন, ‘যখন কোনো ঘটনা ঘটে, আপনারা এমনভাবে প্রশ্ন করেন যে ঘটনা ঘটেছে এখনই বিচার করতে হবে, উদ্ঘাটন করতে হবে। এমনও হত্যার ঘটনা রয়েছে, সেটা উদ্ঘাটন করতে ২০ থেকে ২৫ বছর সময় লেগে যায়। আপনারা এমনভাবে প্রেশার তৈরি করবেন না, যাতে পুলিশের ওপর মেন্টাল প্রেশার তৈরি হয়। যার প্রমাণ আপনারা দেখেছেন “জজ মিয়া নাটক”।’
তিনি আরও বলেন, ‘মিডিয়া প্রেশারের কারণে আমি মনে করি এই বিষয়গুলো তৈরি হয়েছে। এগুলো এখন যেন তৈরি না হয়, আপনারা আমাদের “রেসপন্স টাইম” দেবেন।’
সংবাদ সম্মেলনে আইজিপি জানান, ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলায় গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের দেশে ফিরিয়ে আনতে কূটনৈতিক চ্যানেলে কাজ শুরু হয়েছে।
তিনি বলেন, চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে পুলিশ জিরো টলারেন্স নীতি অনুসরণ করবে। কোনো ব্যক্তির রাজনৈতিক বা দলীয় পরিচয় থাকলেও তাকে ছাড় দেওয়া হবে না।
এর আগে শনিবার দিবাগত রাতে বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের পশ্চিমবঙ্গের বনগাঁ এলাকা থেকে শহীদ শরিফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডের প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ ও তাঁর সহযোগী আলমগীর হোসেনকে গ্রেপ্তার করে ভারতীয় পুলিশ।
আইজিপি আরও জানান, আসন্ন পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে সড়ক ও মহাসড়কে চাঁদাবাজি ও ডাকাতি প্রতিরোধে পুলিশ বিশেষ তৎপরতা চালাচ্ছে। একই সঙ্গে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার জন্য সমাজের বিভিন্ন শ্রেণির মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
এ ছাড়া ‘জুলাই বিপ্লব’কে কেন্দ্র করে কেউ যেন ব্যক্তিগত বা গোষ্ঠীগত স্বার্থ হাসিল করতে না পারে, সে বিষয়েও নজর রাখছে আইনশৃঙ্খলা বাহিনী বলে জানান আইজিপি।
পুলিশকে জনগণের কাছে আরও সহজলভ্য করতে থানাগুলোকে ‘জিরো কমপ্লেইন থানা’ হিসেবে গড়ে তোলার পরিকল্পনার কথাও উল্লেখ করেন তিনি। তাঁর মতে, প্রতিটি থানায় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বসানো গেলে অনেক সমস্যা দ্রুত সমাধান করা সম্ভব হবে।
সংবাদ সম্মেলনে পুলিশের পোশাক পরিবর্তনের প্রসঙ্গেও কথা বলেন আইজিপি। তিনি বলেন, এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত সরকারের ওপর নির্ভর করছে এবং সে সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে পুলিশ।
সিএ/এমই


