বাংলাদেশে প্রায় নয় মাস কারাভোগের পর সীমান্ত দিয়ে নিজ দেশে ফিরেছেন এক ভারতীয় নারী। রোববার দুপুরে চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তের শূন্যরেখায় দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে পতাকা বৈঠকের মাধ্যমে তাকে ভারতের কাছে হস্তান্তর করা হয়।
ফেরত যাওয়া ওই নারীর নাম ফাল্গুনী রায়। তিনি ভারতের উত্তর চব্বিশ পরগনা জেলার বনগাঁও এলাকার ট্যাংরা কলোনিপাড়ার বাসিন্দা এবং মৃত বিশ্বনাথ রায়ের মেয়ে।
জানা গেছে, ২০২৫ সালের জুন মাসে বৈধভাবে বাংলাদেশে এসে পিরোজপুরে তার স্বামী ও সন্তানের সঙ্গে দেখা করেন ফাল্গুনী রায়। তবে সেখানে শ্বশুরবাড়ির লোকজন তার ওপর নির্যাতন চালায় এবং তার পাসপোর্ট কেড়ে নেয় বলে অভিযোগ রয়েছে।
পরবর্তীতে তিনি অসহায় অবস্থায় অবৈধভাবে ভারতে ফেরার উদ্দেশ্যে ঝিনাইদহ জেলার মহেশপুর এলাকায় যান। এ সময় ২০২৫ সালের ৩০ জুন বিজিবির একটি টহল দল তাকে আটক করে।
অবৈধ অনুপ্রবেশের অভিযোগে তার বিরুদ্ধে মহেশপুর থানায় মামলা করা হয়। পরে আদালতের নির্দেশে তিনি কারাভোগ করেন।
নয় মাস কারাভোগ শেষে রোববার চুয়াডাঙ্গার দর্শনা জয়নগর সীমান্তের শূন্যরেখায় দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর উপস্থিতিতে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। এরপর আনুষ্ঠানিক প্রক্রিয়ার মাধ্যমে তাকে ভারতের কাছে হস্তান্তর করা হয়।
হস্তান্তরের সময় বাংলাদেশের পক্ষ থেকে উপস্থিত ছিলেন দর্শনা বিজিবি আইসিপি ক্যাম্প কমান্ডার এনামুল কবির এবং দর্শনা ইমিগ্রেশন ইনচার্জ তুহিন মিয়া। ভারতের পক্ষ থেকে উপস্থিত ছিলেন বিএসএফের গেদে ক্যাম্প কমান্ডার এএসআই সুরেশ সিং এবং গেদে কাস্টমস ইনচার্জ রামাওয়াতার পিডি ইয়াদব।
সিএ/এমআর


