দায়িত্ব পালনে অবহেলা, দুর্নীতি এবং তহবিল তছরুপের অভিযোগে ঢাকা উত্তর সিটি করপোরেশনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোহাম্মদ আরিফুর রহমানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
রোববার ডিএনসিসির সচিব মুহাম্মদ আসাদুজ্জামানের সই করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে।
আদেশে বলা হয়েছে, আর্থিক ক্ষমতা অর্পণ-২০২৫, পাবলিক প্রকিউরমেন্ট আইন-২০০৬ এবং পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা-২০২৫ লঙ্ঘন করে ক্রয় কার্যক্রম পরিচালনার অভিযোগ পাওয়া গেছে।
এ ছাড়া ডিএনসিসি কর্মচারী চাকরি বিধিমালা-২০১৯ এর বিধি ৪৯-এর ক, খ, ঘ, ঙ ও চ উপবিধি অনুযায়ী দায়িত্ব পালনে অবহেলা, অসদাচরণ, অদক্ষতা, দুর্নীতিপরায়ণ আচরণ এবং তহবিল তছরুপ বা প্রতারণার অভিযোগের প্রেক্ষিতে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।
উক্ত বিধিমালার ৫৫-এর (১) উপবিধি অনুযায়ী অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোহাম্মদ আরিফুর রহমানকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে বলে অফিস আদেশে উল্লেখ করা হয়।
তবে বিধি অনুযায়ী বরখাস্তকালীন সময়ে তিনি খোরাকি ভাতা পাবেন বলে জানানো হয়েছে। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনের ভিত্তিতেই এই আদেশ জারি করা হয়েছে।
সিএ/এমআর


