ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা এবং ইরানে চলমান হামলার প্রতিবাদে গাইবান্ধা শহরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় একটি সংগঠনের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে অংশ নেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
শুক্রবার জুমার নামাজ শেষে ইসলামী ঐক্য আন্দোলন গাইবান্ধা জেলা শাখার আয়োজনে জেলা শহরের কেন্দ্রীয় বড় মসজিদ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। পরে মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কাচারি বাজার এলাকায় গিয়ে শেষ হয়।
মিছিল শেষে সেখানে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য দেন বড় মসজিদের ইমাম মাওলানা মাহমুদুল হক, ডা. এম এ সালামসহ আরও কয়েকজন বক্তা।
বক্তারা বলেন, মুসলিম বিশ্বের নেতাদের ওপর হামলা ও সহিংসতার ঘটনাকে তারা নিন্দা জানাচ্ছেন। তারা ইরানে চলমান হামলা বন্ধের দাবি জানান এবং মুসলিম দেশগুলোর প্রতি ইরানের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
বিক্ষোভে অংশগ্রহণকারীরা ইরানে হামলার প্রতিবাদ জানিয়ে বিভিন্ন স্লোগান দেন। একই সঙ্গে তারা ইসরাইল ও যুক্তরাষ্ট্রের পণ্য বয়কটের আহ্বান জানান।
সিএ/এমআর


