ঈদুল ফিতরকে সামনে রেখে রাজধানীর বিপণিবিতান ও শপিংমলগুলোতে জমে উঠেছে কেনাকাটা। সাপ্তাহিক ছুটির দিনে সকাল থেকেই বিভিন্ন মার্কেট ও শপিংমলে দেখা গেছে ক্রেতাদের উপচে পড়া ভিড়।
ঈদের আনন্দ বাড়াতে নতুন জামা–জুতো কেনার জন্য পরিবারসহ বিপণিবিতানগুলোতে ভিড় করছেন নানা বয়সের মানুষ। ছোট শিশু থেকে শুরু করে পরিবারের সব সদস্যের জন্য সাধ্যের মধ্যে পোশাক কেনার চেষ্টা করছেন ক্রেতারা।
মানুষের অতিরিক্ত ভিড় এড়াতে অনেকেই সকাল থেকেই মার্কেটে যেতে শুরু করেন। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ক্রেতাদের উপস্থিতি আরও বাড়তে থাকে এবং অনেক জায়গায় তা জনসমুদ্রে রূপ নেয়।
বিভিন্ন দোকানে দেশি ও বিদেশি নকশার পোশাকের সমাহার দেখা যাচ্ছে। ভিনদেশি সালোয়ার কামিজ ও পাঞ্জাবির পাশাপাশি অনেক ক্রেতা দেশীয় সুতি পোশাকও বেছে নিচ্ছেন। গরমের মৌসুমের কথা মাথায় রেখে পোশাক নির্বাচনে আরাম ও স্বাচ্ছন্দ্যকেও গুরুত্ব দিচ্ছেন তারা।
ব্যবসায়ীরা বলছেন, গত কয়েক বছরের তুলনায় এ বছর বেচাবিক্রি কিছুটা বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। ক্রেতাদের উপস্থিতি দেখে তারা আশাবাদী যে চাঁদরাত পর্যন্ত বিপণিবিতানগুলোতে এমন ভিড় অব্যাহত থাকবে।
সিএ/এমআর


