বগুড়ায় বৈষম্যবিরোধী আন্দোলনের সময় সংঘটিত সহিংসতার অভিযোগে করা মামলায় কক্সবাজারের সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদিকে হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত।
জামিন স্থগিতের আবেদন শুনানি শেষে চেম্বার বিচারপতি মো. রেজাউল হক বৃহস্পতিবার এই আদেশ দেন। রাষ্ট্রপক্ষের আবেদনের শুনানি ৯ মার্চ আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে নির্ধারণ করা হয়েছে।
বিষয়টি নিয়ে রাষ্ট্রপক্ষের ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. জহিরুল ইসলাম বলেন, ‘বগুড়ায় সহিংসতার অভিযোগে করা মামলায় হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত করা হয়েছে। রাষ্ট্রপক্ষের আবেদন আগামী ৯ মার্চ নিয়মিত বেঞ্চে শুনানি হবে।’
রাষ্ট্রপক্ষের তথ্য অনুযায়ী, ২০২৪ সালের ৪ আগস্ট বগুড়ায় বৈষম্যবিরোধী আন্দোলনের সময় সংঘটিত সহিংসতার ঘটনায় আবদুর রহমান বদিসহ অন্যদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। মামলায় বদিকে অর্থ জোগানদাতা হিসেবে উল্লেখ করা হয়েছে।
এর আগে ২০২৪ সালের ২০ আগস্ট চট্টগ্রামের পাঁচলাইশ এলাকা থেকে আবদুর রহমান বদিকে গ্রেপ্তার করে র্যাব। তখন জানানো হয়েছিল, টেকনাফে একটি হত্যাচেষ্টা মামলায়ও তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।
আবদুর রহমান বদি আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নবম ও দশম জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত হওয়ায় একাদশ ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বদির পরিবর্তে তাঁর স্ত্রী শাহীন আক্তারকে মনোনয়ন দেয় আওয়ামী লীগ। তিনি দুই দফায়ই সংসদ সদস্য নির্বাচিত হন।
সিএ/এমই


