নারায়ণগঞ্জের ফতুল্লায় ন্যাড়া বাহিনীর প্রধান তালিকাভুক্ত সন্ত্রাসী রিয়াজ উদ্দিন বাবু ওরফে ‘কিলার বাবু’কে পেটে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে। এ সময় তার এক সহযোগী লিটনও ছুরিকাঘাতে আহত হয়েছেন। তবে হত্যাকারীদের পরিচয় এখনো শনাক্ত করতে পারেনি পুলিশ।
বৃহস্পতিবার (৫ মার্চ) ভোর ৪টার দিকে ফতুল্লার পঞ্চবটি মোড়ে এই ঘটনা ঘটে। নিহত রিয়াজ উদ্দিন বাবু (৪০) ফতুল্লার লালপুর পৌষাপুকুরপাড় এলাকার মৃত হাফিজ উদ্দিনের ছেলে।
পুলিশ জানিয়েছে, কিলার বাবুর নামে ৫টি হত্যা, ছিনতাই মামলাসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একাধিক মামলা রয়েছে। তিনি ফতুল্লা থানার তালিকাভুক্ত সন্ত্রাসী ছিলেন।
ঘটনাস্থলে উপস্থিত ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক (এসআই) মিরাজ হোসেন জানান, ভোর ৪টার দিকে পঞ্চবটি মোড়ের কাছে ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়কে কে বা কারা বাবু ও লিটনকে কুপিয়েছে তা এখনো জানা যায়নি।
ঢাকা মেডিক্যালে নেওয়ার পর বাবু মারা যান এবং লিটন বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। বাবুর মরদেহ বর্তমানে ঢাকা মেডিক্যাল কলেজে রয়েছে। পুলিশ হত্যাকারীদের পরিচয় ও ঘটনাসহ বিস্তারিত তথ্য সংগ্রহের চেষ্টা করছে।
সিএ/এএ


