ভারতে হোলি উৎসব উপলক্ষে হিলি স্থলবন্দর দিয়ে বুধবার (৪ মার্চ) দুই দেশের মধ্যে আমদানি ও রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে। তবে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারী যাত্রীদের পারাপার স্বাভাবিকভাবে চলমান রয়েছে।
ভারতের হিলি এক্সপোর্ট অ্যান্ড কাস্টমস ক্লিয়ারিং এজেন্ট অ্যাসোসিয়েশন এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছে, হোলি উৎসব যথাযথভাবে উদযাপনের জন্য বুধবার ভারতের হিলি স্থলবন্দরে সব ধরনের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। আগামীকাল ৫ মার্চ থেকে পুনরায় কার্যক্রম স্বাভাবিকভাবে শুরু হবে।
বাংলা হিলি কাস্টম সি অ্যান্ড এফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শাহীনুর ইসলাম শাহীন বলেন, ‘ভারতে হোলি উৎসব উপলক্ষে আমদানি বন্ধ থাকলেও হিলি স্থলবন্দরের লোড ও আনলোডসহ সব কার্যক্রম স্বাভাবিক রয়েছে।’
হিলি ইমিগ্রেশন চেকপোস্টের অফিসার ইনচার্জ মো. আরিফুল ইসলাম জানান, চেকপোস্ট দুই দেশের যেকোনো উৎসব বা সরকারি ছুটির সময়েও খোলা থাকে। সপ্তাহের সাতদিন সকাল ৯টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত বৈধ পাসপোর্ট-ভিসা থাকা যাত্রীরা বাংলাদেশ ও ভারতের মধ্যে যাতায়াত করতে পারেন। ফলে স্থলবন্দর দিয়ে পণ্য আমদানি-রপ্তানি বন্ধ থাকার সঙ্গে পাসপোর্টধারী যাত্রী পারাপারের কোনো সম্পর্ক নেই।
সিএ/এএ


