নতুন সরকারের প্রশাসনিক পুনর্বিন্যাসের অংশ হিসেবে কৃষি মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ানকে অবসরে পাঠানো হয়েছে। রোববার (৭ ডিসেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, চাকরিকাল ২৫ বছর পূর্ণ হওয়ায় সরকারি কর্মচারী আইনের ৪৫ ধারার ক্ষমতাবলে মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ানকে অবসর দেওয়া হলো। ওই ধারা অনুযায়ী কারও চাকরি ২৫ বছর পূর্ণ হওয়ার পর সরকার যেকোনো সময় কারণ দর্শানোর নোটিশ ছাড়াই চাকরি থেকে অবসর দিতে পারে।
এদিকে প্রশাসনে আরও কিছু পরিবর্তনের কথা জানানো হয়েছে। মুন্সী আলাউদ্দিন আল আজাদকে এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগে ধর্ম মন্ত্রণালয়ের সচিব করা হয়েছে। সংশ্লিষ্ট প্রজ্ঞাপনে বলা হয়েছে, তাঁর নিয়োগ চুক্তির শর্ত অনুযায়ী কার্যকর থাকবে।
অন্যদিকে স্থানীয় সরকার বিভাগের সচিব মো. রেজাউল মাকছুদ জাহেদীকে তাঁর পদ থেকে সরিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে। প্রশাসনিক এ পরিবর্তনকে সরকারের চলমান পুনর্গঠন প্রক্রিয়ার অংশ হিসেবে দেখা হচ্ছে।
সিএ/এমই


