তিন শতাধিক সুবিধাবঞ্চিত শিশু ও তাদের পৃষ্ঠপোষকদের উপস্থিতিতে গতকাল শনিবার ঢাকার একটি কনভেনশন হলে অনুষ্ঠিত হলো মজার ইশকুলের বাৎসরিক ইফতার। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ, যিনি সুবিধাবঞ্চিত শিশু ও অতিথিদের সঙ্গে ইফতার করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্টের আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া, দ্য স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুল আউয়াল, একশনএইড বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ফারাহ কবিরসহ বিভিন্ন অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা। তারা শিশুদের কল্যাণ ও শিক্ষামূলক কার্যক্রমের প্রতি সমর্থন জানান।
শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেন, সরকারের পাশাপাশি এ ধরনের বেসরকারি উদ্যোগ দেশ গঠনে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। তিনি আশা প্রকাশ করেন, মজার ইশকুলের শিক্ষার্থীরা সুশিক্ষায় শিক্ষিত হয়ে ভবিষ্যতে দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ সময় তিনি শিক্ষার্থীদের সঙ্গে ইফতার করেন এবং তাদের পাশে থাকার আশ্বাস দেন।
অতিথিরা মজার ইশকুলের শিক্ষা ও মানবিক কার্যক্রমের প্রশংসা করেন এবং সুবিধাবঞ্চিত শিশুদের কল্যাণে প্রতিষ্ঠানটির অব্যাহত উদ্যোগের প্রতি সমর্থন ব্যক্ত করেন।
সিএ/এমই


